স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, আর সেই অধিকার ফিরিয়ে আনতে আমাদের সাহসী কিছু সন্তান জীবন উৎসর্গ করেছে। গুম, খুন ও নির্যাতনের শিকার ভাইবোনদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না। এবারের নির্বাচন হবে—কারা সত্যিকার অর্থে মানুষের পাশে থাকে, তা প্রমাণের নির্বাচন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ জনসভায় তারেক রহমান দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না—সঠিক মানুষকে ভোট দিতে হবে। কারা মানুষের সুখ-দুঃখে পাশে থাকে, কারা সংকটে জনগণের জন্য কথা বলে এবং কাদের রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে, সেসব বিষয় বিবেচনা করেই ভোট দিতে হবে। তারেক রহমান দাবি করেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা ও অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে।
গত তিনটি জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারম্যান বলেন, ওই নির্বাচনগুলোতে ভোট নিয়ে নাটক হয়েছে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। কিন্তু এবার দেশের মানুষ ভোট দেবে। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জনগণ ঐক্যবদ্ধ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন নীতির কঠোর সমালোচনা করে তারেক রহমান বলেন, গত ১৬ বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। উন্নয়নের গল্প শোনানো হলেও সাধারণ মানুষের জীবনে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
দেশের অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও বেকারত্ব প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, উন্নয়নের নামে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এর ফল ভোগ করছে আজকের তরুণ সমাজ। শিক্ষিত যুবকদের বড় একটি অংশ কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে পড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পিতভাবে কর্মসংস্থান সৃষ্টি করে এই সংকট মোকাবিলা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছাতে হলে আগে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রথম দিন থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নয়নে কাজ শুরু করা হবে। এমন একটি দেশ গড়া হবে, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে।
বাড্ডা ও সাঁতারকুল এলাকার স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অতীতে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশ ও মানুষের স্বার্থে ধানের শীষে ভোট দিতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।
রিপোর্টার্স২৪/বাবি