স্পোর্টস ডেস্ক: লাহোরে অনুষ্ঠিত আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ বৈঠকটি ইতিবাচক আবহে শেষ হয়েছে। বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সৃষ্ট জটিলতা, ভারত-পাকিস্তান ম্যাচ এবং বাংলাদেশের অবস্থান সবকিছুই গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে।
বৈঠকে আইসিসি পাকিস্তানকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচটি খেলতে অনুরোধ জানায়। পাশাপাশি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যে আচরণ হয়েছে, তা নিয়ে ন্যায্য সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় নিরাপত্তা শঙ্কা তৈরি হলে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতে আপত্তি তোলে। তবে ভেন্যু পরিবর্তনের দাবি মানা হয়নি। উল্টো বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে পাকিস্তান সরকার বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই বয়কটের ঘোষণা দেয়।
এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে আইসিসি তৎপরতা বাড়ায় এবং তারই অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি লাহোরে তিন পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোয় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশের দাবিগুলোর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বিসিবির সঙ্গে চলমান সংকট নিরসনে একটি সমঝোতামূলক কাঠামোও তৈরি করা হয়েছে। এর আওতায় বাংলাদেশ আর্থিক ক্ষতিপূরণ, বিশ্বকাপের রাজস্ব থেকে অংশীদারিত্ব এবং ভবিষ্যতে ভারতে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে হাইব্রিড মডেলে খেলার সুযোগ পেতে পারে।
এই পুরো আলোচনায় পিসিবি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে বলে জানা গেছে।
বৈঠক শেষে আইসিসির প্রতিনিধি ইমরান খাজা সংস্থার সদর দপ্তরে ফিরে গেছেন। সেখানে তিনি আইসিসি চেয়ারম্যান জয় শাহসহ কাউন্সিলের অন্যান্য সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি বাংলাদেশ সরকারকে অবহিত করবেন। আর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে আলোচনার অগ্রগতি তুলে ধরবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
সূত্র জানিয়েছে, পরিস্থিতির চূড়ান্ত দিকনির্দেশনা নির্ধারণে আইসিসি ও বিসিবির কর্মকর্তারা আজ বিকেলেই আবার বৈঠকে বসতে পারেন। তবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে কি না, সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম