স্পোর্টস ডেস্ক: আমন্ত্রণ পেয়ে হঠাৎ করেই ঢাকা থেকে লাহৌরে উড়ে গিয়ে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠকে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। বৈঠক শেষে সোমবার রাতে বিসিবির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুরোধ জানানো হয়েছে।
বিসিবির বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জটিলতা ও সমস্যার মধ্যেও ইতিবাচক ভূমিকা রাখার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড, আইসিসি এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে বিসিবি। বিশেষভাবে পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নকভি, তাঁর বোর্ড এবং পাকিস্তানের সমর্থকদের সহযোগিতার কথা উল্লেখ করা হয়।
বিবৃতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, এই কঠিন সময়ে পাকিস্তান যে ভাবে নিজেদের সামর্থ্যের ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে সমর্থন করেছে, তাতে আমরা গভীরভাবে অনুপ্রাণিত। আমাদের ভ্রাতৃত্ব দীর্ঘজীবী হোক।
তিনি আরও বলেন, স্বল্প সময়ের মধ্যে পাকিস্তান সফর ও আলোচনার মাধ্যমে যে ফলাফল পাওয়া গেছে, তার ভিত্তিতে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ আয়োজনের জন্য আমরা পাকিস্তানকে অনুরোধ করছি। এতে ক্রিকেটের পুরো বাস্তুতন্ত্রই উপকৃত হবে।
এর আগে রোববার সকালে পিসিবি চেয়ারম্যান মহসিন রাজা নকভির সঙ্গে বৈঠক করতে লাহৌরে পৌঁছান আমিনুল ইসলাম। শনিবার গভীর রাতে ঢাকা থেকে লাহৌরগামী বিমানে ওঠেন তিনি। তবে বিসিবির এই সফর নিয়ে পুরোপুরি অন্ধকারে ছিলেন বোর্ডের অন্যান্য পরিচালকরা।
শনিবার রাত ১টার দিকে লাহৌরের বিমানে দেশ ছাড়েন বিসিবি সভাপতি। সে সময় বিসিবির অধিকাংশ পরিচালক ঘুমিয়ে পড়েছিলেন। বিমান ছাড়ার ঠিক আগে বিসিবির ডিরেক্টরদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমিনুল ইসলাম লিখেন, বৈঠকের মাত্র ৯০ মিনিট আগে সফর চূড়ান্ত হয়েছে। হাতে সময় কম থাকায় কাউকে ফোন করতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন।
বার্তায় তিনি জানান, ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় লাহৌরে বৈঠক হবে এবং ৯ ফেব্রুয়ারি বিকালে দেশে ফেরার কথা রয়েছে। তবে হঠাৎ পাকিস্তান সফরের কারণ কিংবা আলোচনার বিষয়বস্তু আগেভাগে সহকর্মীদের জানাননি বিসিবি সভাপতি।
এ বিষয়ে বিসিবির কয়েকজন পরিচালক অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের একজন সাংবাদিকদের বলেন, আমি যতটা জানি, আপনারাও ততটাই জানেন। বিসিবি সভাপতি লাহৌর গেছেন, কিন্তু কেন গেছেন তা জানি না। তিনি ফিরে এসে জানালে বিস্তারিত বোঝা যাবে।
রিপোর্টার্স২৪/বাবি