রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আত্মবিশ্বাসী বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু পরিবেশে ভোট হলে শুধু নিজের রাজনৈতিক সমর্থকই নয়, আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের ভোটও তিনি পাবেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুর বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে আমার বিজয় নিশ্চিত। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগের ভোটাররাও পরিবর্তনের পক্ষে রায় দেবেন। শুধু তাদের নয়, অন্যান্য দলের সমর্থনও আমার দিকে আসবে।
তবে নির্বাচনকে ঘিরে তিনি উদ্বেগও প্রকাশ করেছেন। তার দাবি, একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে ভোটকেন্দ্রে সহিংসতা ছড়িয়ে নির্বাচন স্থগিত করার ষড়যন্ত্র করছে।
নুর অভিযোগ করেন, বিরোধী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ওপর হামলার ঘটনা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তার ভাষ্য, প্রশাসনের এই নীরবতা হামলাকারীদের আরও উৎসাহিত করছে।
তিনি ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, সব অপশক্তিকে রুখে দিয়ে জনগণই দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সঠিক জনপ্রতিনিধিকে বেছে নেবে।
নির্বাচন ঘিরে এলাকায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এখন দেখার বিষয়, ভোটের মাঠে কার পক্ষে যায় জনমত।
রিপোর্টার্স২৪/ঝুম