স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনৈতিক তৎপরতা, অর্থের প্রভাব ও সহিংসতার অভিযোগ তুলেছে বিএনপি। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে দলটির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হওয়ার ঘটনাকে ‘দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যারা ইনসাফ ও দুর্নীতিবিরোধী রাজনীতির কথা বলে, তাদের পক্ষ থেকে টাকা দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চরম দ্বিচারিতা। টানা কয়েকদিন ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকার পরও এত বিপুল অর্থ বহনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, এটি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
মাহদী আমিন অভিযোগ করেন, শুধু সৈয়দপুর নয়,ঢাকা-১৫, কুমিল্লা, নোয়াখালী ও খুলনাসহ বিভিন্ন এলাকায় অবৈধ লেনদেন ও ভোটার প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি আরও দাবি করেন, জামায়াত-শিবিরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি সংগ্রহ করছে। তবে অর্থ বা ধর্মীয় প্রলোভন দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভোটার পরিচয় নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। মাহদী আমিন বলেন, ধর্মীয় পোশাকের প্রতি বিএনপির সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। তবে কেউ যাতে এ ধরনের পোশাকের আড়ালে জাল ভোট দিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সন্দেহজনক ক্ষেত্রে নারী প্রিসাইডিং অফিসার বা নারী এজেন্টের উপস্থিতিতে পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিএনপির অভিযোগ, দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় দেখাতে লাঠিসোঁটা ও সিল মজুত করা হচ্ছে। বগুড়া-৪ আসনে নন্দীগ্রামে জামায়াত কর্মীদের হামলায় স্থানীয় এক বিএনপি নেতার চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে তিনি ঘটনার বিচার দাবি করেন। এছাড়া লক্ষ্মীপুরে জাল সিল তৈরির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির জবানবন্দির উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে জামায়াত সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
আগামীকালের নির্বাচনে জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর এই নির্বাচন জনগণের রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধারের সুযোগ। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্যদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান এবং ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় বিএনপি।
রিপোর্টার্স২৪/এসসি