আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ – ২০২২ সালের মে মাসে অর্থনৈতিক সংকট ও গণঅভ্যুত্থানের সময় সংসদ সদস্য অমরাকীর্তি আতুকোরালে ও তার দেহরক্ষীকে হত্যার ঘটনায় শ্রীলঙ্কার গাম্পাহা হাইকোর্ট ১২ জনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে।
জ্যেষ্ঠ আইনজীবী অসওয়াল্ড পেরেরা জানান, আদালত অবৈধ সমাবেশ, হামলা এবং হত্যা মামলায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে। রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে নিট্টাম্বুয়ায় তাদের গাড়ি আটক করে পিটিয়ে হত্যা করা হয়। সে সময় পুলিশ জানায়, আতুকোরালে ও তার দেহরক্ষী বিক্ষোভকারীদের দিকে গুলি ছুঁড়েছিলেন। পরে আন্দোলনকারীরা তাদের একটি ভবনের ভেতরে আটকে ফেলে, পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আদালত একই মামলায় আরও চারজনকে অবৈধ সমাবেশের দায়ে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে, তবে এই শাস্তি পাঁচ বছরের জন্য স্থগিত থাকবে। বাকি ২৩ জনকে খালাস দেওয়া হয়েছে।
২০২২ সালের মে মাসে তৎকালীন ক্ষমতাসীন দলের সমর্থকরা সরকারবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর পর শ্রীলঙ্কাজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা সরকার ও সংসদ সদস্যদের পদত্যাগের দাবি জানাতেন। সহিংসতায় বহু সংসদ সদস্য ও তাদের সমর্থক আক্রান্ত হন, এবং বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ হয়।
অর্থনৈতিক সংকটের প্রভাবে পণ্যসংকট তীব্র হয়ে ওঠে, যার ফলে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসাকে পদত্যাগ করতে হয়। ২০২২ সালের জুলাইয়ে পার্লামেন্টের মাধ্যমে জ্যেষ্ঠ বিরোধী নেতা রনিল বিক্রমাসিংহে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। পরবর্তীতে ২০২৪ সালে দুর্নীতিবিরোধী অঙ্গীকার নিয়ে আনুরা কুমারা দিসানায়েকে নির্বাচিত প্রেসিডেন্ট হন।
দ্যাখার বিষয়, শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ডের বিধান থাকলেও গত ৫০ বছরে কারও ফাঁসি কার্যকর হয়নি।
রিপোর্টার্স২৪/এসসি