রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেছেন, ভোটে হার-জিত থাকবেই, কিন্তু তা যেন কোনোভাবেই হানাহানির পর্যায়ে না পৌঁছায়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণের রায় মাথা পেতে নেব এবং নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল উত্তরার আবদুল্লাহপুরের মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার সেই বঞ্চনা দূর হবে এবং একটি মানবিক সরকার প্রতিষ্ঠিত হবে, যা জনগণের জন্য কাজ করবে।
জাহাঙ্গীর হোসেন আরও বলেন, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকলে এবং সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে সন্ধ্যার ফলাফলে সুন্দর নির্বাচনের প্রতিফলন দেখা যাবে। ভোটের জন্য কেউ হানাহানি বা রাহাজানিতে জড়ালে চলবে না। জনগণ যাকে যোগ্য মনে করবে এবং যার ওপর আস্থা রাখবে, তাকেই ভোট দেবে, জোর দেন তিনি।
তিনি উল্লেখ করেন, তফসিল ঘোষণার পর থেকে সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। বিজয়ী হলে কাউকে বাদ না দিয়ে, সকলের সঙ্গে মিলিত হয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।
সকাল সাড়ে সাতটায় সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে দেশি পর্যবেক্ষকের পাশাপাশি ৫৪০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিক উপস্থিত রয়েছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জন, কমনওয়েলথ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রয়েছে। এছাড়া আল-জাজিরা, বিবিসি, রয়টার্স ও এপির মতো বিশ্বখ্যাত মিডিয়ার ১৫০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহে নিয়োজিত আছেন।
রিপোর্টার্স২৪/ঝুম