রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষ প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, জয়-পরাজয় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
মিনু বলেন, আমাদের প্রত্যাশা রাজশাহীর ছয়টি আসনসহ পুরো বিভাগের ৩৯টি আসনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। আমাদের প্রধান লক্ষ্য হলো দেশে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা।
তিনি উল্লেখ করেন, কিছু কেন্দ্রে একটি দলের লোক ঢোকার চেষ্টা হয়েছে, তবে এটি বড় কোনো ঘটনা নয় এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে।
মিনু অতীতের উন্নয়নের কথাও উল্লেখ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। জনগণের সেবা নিশ্চিত করা হয়েছে। তাদের সময়ে মানুষকে শাসন বা শোষণ নয়, বরং সেবার মাধ্যমে দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করা হয়েছে।
ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি এই আসনের জনগণের সেবা করে আসছি। এলাকার প্রবীণরা আমাকে সন্তানের মতো স্নেহ করেন, মায়েরা দোয়া করেন এবং তরুণরা আন্দোলন-সংগ্রামে পাশে থেকেছেন। জনগণের এই ভালোবাসাকেই আমি সবচেয়ে বড় প্রাপ্তি মনে করি।
রিপোর্টার্স২৪/ঝুম