স্টাফ রিপোর্টার: ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, তার পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে এবং অনেককে কেন্দ্রে ঢুকতেও বাধা দেওয়া হচ্ছে। তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তাৎক্ষণিক বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।
তাসনিম জারা বলেন, আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং অনেককে বের করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, তারা এখানকার ভোটার নন। কিন্তু পোলিং এজেন্ট হতে হলে সংশ্লিষ্ট আসনের ভোটার হওয়া বাধ্যতামূলক,এমন কোনো নিয়ম নেই।
তিনি আরও বলেন, তারা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন। আমরা চাই, নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যোগ করেন তিনি।
এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডা. তাসনিম জারা নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৮টা ৪০ মিনিটে তিনি খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। উল্লেখ্য, তিনি ঢাকা-৯ আসনের প্রার্থী হলেও ভোটার হিসেবে ঢাকা-১১ আসনে নিবন্ধিত।
রিপোর্টার্স২৪/এসসি