জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদের কচুরিপানার মধ্য থেকে নিখোঁজের ৭ দিন পর শাখাওয়াত হোসেন শিমুল (৪০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা গ্রামের ভৈরব নদ থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত শাখাওয়াত হোসেন শিমুল মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি গত ৭ ফেব্রুয়ারী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন, তারপর আর বাড়ি ফেরেনি। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ (শনিবার) সকালে স্থানীয়রা কচুরিপানার মধ্যে লাশ ভাসতে দেখে পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে জীবননগর থানার পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করেন।এরপর নিহতের পরিবারের সদস্যরা তার লাশ সনাক্ত করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, লাশ উদ্ধারের পর নিহতের চাচা ও স্ত্রী তার পরিচয় সনাক্ত করেন। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে মৃত্যুর কারণ জানা যায়নি, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিখোঁজের বিষয়ে তিনি জানান, এবিষয়ে পরিবারের কেউ পুলিশকে অবগত করেনি।
এদিকে, গত মাসে একই ইউনিয়নের পেয়ারা তলা হিন্দুপাড়া সংলগ্ন মাঠে হিন্দু পাড়ায় কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মেহেদী হাসান জাহিদের লাশ উদ্ধার করেন পুলিশ। এক মাসের ব্যাবধানে একই ইউনিয়নে কয়েক কিঃ মিঃ দুরত্বে পাওয়া গেলো ২টি লাশ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে
রিপোর্টার্স২৪/মিতু