স্টাফ রিপোর্টার: চীন, ভারত ও পাকিস্তানসহ সব দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে পররাষ্ট্রনীতি অনুসরণ করবে বিএনপি;এমনটাই জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশ এবং এ দেশের মানুষের বৃহত্তর স্বার্থকে রক্ষা করে আমরা আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবো।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ হবে। তার ভাষায়, বিগত সরকার প্রায় সব প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করেছে; তাই সুশাসন নিশ্চিত করা জরুরি।
চীনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রসঙ্গে তিনি বলেন, যদি তা বাংলাদেশের উপকারে আসে এবং অর্থনীতির সহায়ক হয়, আমরা তখন সিদ্ধান্ত নেবো। পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
তরুণদের মতামত নেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, তরুণদের কথা শোনা হবে, তবে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মতামতকেও গুরুত্ব দেওয়া হবে।
সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে তিনি বলেন, সার্ক প্রতিষ্ঠা বাংলাদেশের উদ্যোগে হয়েছিল। আমরা চাই এটি সচল হোক এবং বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করে তা পুনরুজ্জীবিত করার চেষ্টা করবো।
শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চাওয়া হবে কি না,এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
অর্থনীতির ভঙ্গুর অবস্থা, নিম্ন বিনিয়োগ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পরিকল্পনা প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান জানান, নতুন বিনিয়োগ আনা ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে সরকারের অগ্রাধিকার।
রিপোর্টার্স২৪/এসসি