সিনিয়র রিপোর্টার: বাংলাদেশের জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছে, এবার তার প্রতিদান দেওয়ার সময়,এমন মন্তব্য করেছেন তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দলকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। জনগণের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, দীর্ঘদিনের নির্যাতন-নিপীড়নের মধ্যেও তারা রাজপথ ছাড়েননি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অটল ছিলেন। এখন দেশ পুনর্গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
নির্বাচনোত্তর পরিস্থিতি শান্ত রাখার ওপর গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, কোনো অপশক্তি যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য দলীয় নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিরঙ্কুশ বিজয়ের পরও তিনি বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছিলেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে কোথাও ভুল বোঝাবুঝি হয়ে থাকলেও তা যেন প্রতিশোধ বা সহিংসতায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
গণতন্ত্র, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য শেষ করেন তারেক রহমান।
রিপোর্টার্স২৪/এসসি