স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ জয় উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি এক বার্তায় তারেক রহমানকে এই উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপির নির্বাচনী সাফল্যে তার নেতৃত্বই দলকে এ রকম দৃঢ় ভিত্তিতে দাঁড় করিয়েছে।
বিমসটেক (BIMSTEC – Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) মহাসচিব তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে উল্লেখ করেন, এই বিজয় শুধু দলের নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকেও আরও শক্তিশালী করেছে। তিনি আশাবাদ প্রকাশ করেন যে, নতুনভাবে গঠিত সরকার দেশকে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে।
বিমসটেক দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা, যার সদস্য দেশগুলো বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি নিরাপত্তা, পরিবেশ ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করতে সহযোগিতা করে। মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে তার বার্তায় বাংলাদেশের অবদান ও নেতৃত্বকে বিশেষভাবে স্বীকৃতি দেন এবং আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রগতি পুরো আঞ্চলিক সহযোগিতার জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, বাংলাদেশ বিমসটেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও আয়োজনকারী দেশ হিসেবে আঞ্চলিক সমন্বয় ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মহাসচিবের অভিনন্দন বার্তা বাংলাদেশের রাজনৈতিক সাফল্যকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিলো এবং আগামীদিনে দেশের উন্নয়নে অবদান রাখার আশা জাগিয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি