স্টাফ রিপোর্টার: বগুড়ায় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্টার্টআপ বগুড়া ও বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা। তারা বিজিত আসনের সংখ্যার সমপরিমাণ, অর্থাৎ ২১৩টি বৃক্ষ রোপণ করে বিজয় উৎসব পালন করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শাকপালার সিঅ্যান্ডবি পার্কে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনা শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার প্রকাশ। বগুড়ার শিক্ষার্থীদের উদ্যোগ নিঃসন্দেহে দেশের অন্যান্য অঞ্চলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বাদশা আরও জানান, লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার সময় দলের চেয়ারম্যান এই পার্কটির সংস্কারের কথা বলেছিলেন। তৎকালীন অবস্থায় পার্কটি জরাজীর্ণ ছিল এবং সড়ক ও জনপদে অবস্থান থাকায় পৌরসভা নিজ উদ্যোগে সংস্কার করতে পারছিল না। তবে দ্রুত সমন্বয়ের মাধ্যমে পার্কটি নতুন রূপ পেয়েছে এবং এখন প্রতিদিন হাজারো মানুষ এখানে সকাল-সকাল হাঁটাহাঁটি ও শিশুরা খেলাধুলার সুযোগ পাচ্ছে।
স্টার্টআপ বগুড়ার উদ্যোগে কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা করা টেকনিক্যাল ডিরেক্টর হাসান মাহবুব বলেন, পরিকল্পিত নগরায়ন ও পরিবেশ সংরক্ষণ একসঙ্গে এগোতে হবে। বিএনপির নির্বাচনে ২১৩টি আসন জয়ী হওয়ায় ২১৩টি বৃক্ষরোপণ করা হলো। আজকের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে, তরুণরাই দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের নেতৃত্ব দিতে পারে।
এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী একেএম আহসান হাবীব নাফি বলেন, যদি তরুণদের শক্তিকে সঠিক দিক-নির্দেশনা দেওয়া হয়, তবে দেশ গড়ার কাজ আরও গতিশীল হবে। আমরা চাই এই কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে যাক এবং সারা দেশে ছড়িয়ে পড়ুক।
স্টার্টআপ বগুড়ার সভাপতি মশিউর শাফী জানান, বগুড়া থেকেই আমরা একটি দায়িত্বশীল সূচনা করতে চেয়েছি। আমরা ভবিষ্যতেও স্টার্টআপ উদ্যোগের সঙ্গে সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুক্ত থাকব। এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের প্রজন্মের পক্ষ থেকে ভবিষ্যৎ বাংলাদেশের প্রতি অঙ্গীকার।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা চাই শুধু নির্বাচনের বিজয় উদযাপন নয়, বরং দেশের পরিবেশ, শিক্ষাব্যবস্থা ও সামাজিক দায়িত্বে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হোক। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা পরিবেশবান্ধব এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করতে চাই।
বৃক্ষরোপণ কার্যক্রমটি বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে সমন্বয় করে সম্পন্ন করা হয়, যেখানে স্থানীয় স্কুল, কলেজ ও কমিউনিটি সেন্টারের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এতে শুধু পরিবেশ সংরক্ষণ নয়, সামাজিক সচেতনতা ও রাজনৈতিক দায়বদ্ধতার বার্তাও ছড়িয়ে গেছে।
এভাবে বগুড়ার তরুণরা বিএনপির নির্বাচনী বিজয়কে স্মরণীয় করার পাশাপাশি দেশ ও পরিবেশের প্রতি দায়িত্ববোধের একটি ব্যতিক্রমী নজির স্থাপন করেছে।
রিপোর্টার্স২৪/বাবি