কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর আসনে বিএনপির প্রার্থী পরাজয়ের পর অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহরিয়ার ইমন রুবেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইমতিয়াজ দিবসের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
কুষ্টিয়া জেলা বিএনপির পরামর্শক্রমে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল এ সিদ্ধান্ত নেন। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।
উল্লেখ্য, সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনে বিএনপির প্রার্থী ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পরাজিত হওয়ার পর নিজ এলাকায় প্রত্যাশিত ফলাফল না পাওয়া নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মে বিএনপির অঙ্গসংগঠনের দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
পরবর্তীতে কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কুষ্টিয়া জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদের কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের ওপর থাকা একটি চায়ের দোকানের কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয়। পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রিপোর্টার্স২৪/এসএন