স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর রাজনৈতিক শিষ্টাচারের অনন্য নজির স্থাপন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের ফলাফলের পর তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো জাতীয় সরকারের অংশীদার হবেন না। বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আমরা একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন সময় এসেছে নতুন বাংলাদেশ বিনির্মাণের। সরকার এবং বিরোধী দল মিলিতভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করবে। তবে জামায়াত জাতীয় সরকারের অংশীদার হবে না। আমরা শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকব। জনগণের কল্যাণমূলক যেকোনো পদক্ষেপে সরকারকে সহযোগিতা করব।
এছাড়া সাক্ষাতের সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান নবগঠিত সরকারকে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা এই নির্বাচনের পরবর্তী হাই-ভোল্টেজ সৌজন্য সাক্ষাতকে দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ও পারস্পরিক সৌহার্দ্যের নতুন বার্তা হিসেবে দেখছেন।
রিপোর্টার্স২৪/এসসি