রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ভিডিও ও ছবিতে আসল টাকার সদৃশ ‘নমুনা নোট’ ব্যবহারের বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে। ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন বিভাগের সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই জরুরি সতর্কবার্তা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ভিডিও ও ছবি যেখানে আসল নোটের ডিজাইন ও আকারের অনুরূপ ‘নমুনা নোট’ ব্যবহৃত হচ্ছে, তা বাজারে বিভ্রান্তি সৃষ্টি করে। এছাড়া আসল টাকার সদৃশ কাগজ ব্যবহার করে ব্যবসায়িক প্রচারণা চালানোও সামগ্রিক মুদ্রা ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৪৮৯(ঙ) অনুযায়ী এমন নথি বা কাগজ তৈরি, ব্যবহার বা বিতরণ দণ্ডনীয় অপরাধ। ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ধারা ২৫ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
বিজ্ঞপ্তিতে জনসাধারণকে পরামর্শ দেওয়া হয়েছে:
আসল নোট চিনুন ও নিরাপদ লেনদেন নিশ্চিত করুন।
নোট ব্যবহারে যত্নশীল হোন।
আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন।
বাংলাদেশ ব্যাংক পুনরায় জোর দিয়ে বলেছে, ‘নমুনা নোট’ বা অননুমোদিত সদৃশ কাগজ ব্যবহার থেকে বিরত থাকুন, যাতে জালনোটের প্রচলন ও অর্থনীতির অস্থিতিশীলতা রোধ করা যায়।
রিপোর্টার্স২৪/আরকে