স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বিবাহিত জীবনে পদার্পণ করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মিরপুরের একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের আয়োজন সম্পন্ন হয়।
বিবাহের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবারের মতো তথ্য দিয়েছেন ছাত্রশিবিরের বর্তমান সভাপতি সাদিক কায়েম। তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জাহিদুল ইসলাম ভাই বিবাহিত জীবনে পদার্পণ করেছেন। ভাইকে মোবারকবাদ ও শুভকামনা জানাচ্ছি। পোস্টের শেষে তিনি আরবি ভাষায় দোয়া ও আশীর্বাদও জানিয়েছেন—‘বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর’।
এছাড়া ডাকসুর জিএস এস এম ফরহাদ তার ফেরিফায়েড ফেসবুক পোস্টে বিবাহের বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, বিবাহিতদের দলে সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদ ভাইকে স্বাগতম! পরবর্তী সুপাত্র Shadik Kayem ভাই।
জাহিদুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। তিনি ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। জানা গেছে, তিনি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের ভাতিজির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনের নাম জুআয়রিয়া এবং তিনি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ জামায়াত ও ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠানে নেতারা নবদম্পতিকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং তরুণ সমাজের মধ্যে দায়িত্বশীল ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব পুনঃউল্লেখ করেন।
বিয়ের পরিবেশ ছিল উৎসবমুখর ও সুশৃঙ্খল। অতিথিরা নবদম্পতিকে উপহার ও আশীর্বাদ দিয়ে তাদের সুখী বিবাহিত জীবন কামনা করেন। এই বিয়ের মাধ্যমে ছাত্রশিবির ও জামায়াতের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধনও দৃঢ় হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি