রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রতিনিধিদের শপথগ্রহণের মধ্য দিয়ে শুরু হলো নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সবার আগে শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।
সকাল ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকেই সংসদ ভবনের মূল ফটকে নবনির্বাচিত সদস্যদের গাড়ি প্রবেশ করতে শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে একে একে তারা শপথ কক্ষে উপস্থিত হন।
সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সদস্যদের শপথ আগে পড়ানো হয়। এরপর ধাপে ধাপে অন্য দল ও স্বতন্ত্র নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন সংসদের কার্যক্রম ও রাজনৈতিক সমীকরণ ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা।
রিপোর্টার্স২৪/ঝুম