বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে পোস্টাল ব্যালটে ভোটের ব্যাপক সাড়া মিলেছে। ভোট গণনার পূর্ব পর্যন্ত জেলা বা দেশের বাইরে থাকা ২৪ হাজার ৭২১ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয় ২ হাজার ৭৮৮ ভোট। এতে প্রায় ৮২ শতাংশ ভোট পড়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি ও ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের।
এই কর্মকর্তা জানান, যশোরের যেসব ভোটার জেলার বাইরে বা বিদেশে অবস্থান করছেন, নির্বাচন কমিশন থেকে তাদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা নির্ধারণ করা হয় ২৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে তারা অনলাইনে রেজিস্ট্রেশন করেন। যশোরে মোট ৩০ হাজার ১৮৯ জন ভোটার রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশন থেকে তাদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হয়। নির্দেশনা অনুযায়ী পোস্টাল ব্যালট পাওয়ার পর থেকে ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত ভোট দিয়ে ডাকযোগে ব্যালট পাঠানোর সুযোগ ছিল। ভোট গণনার পূর্ব পর্যন্ত ডাকযোগে এসব ব্যালট এসে পৌঁছায়।
গণনা শেষে জানা যায়, রেজিস্ট্রেশনকারী ৩০ হাজার ১৮৯ ভোটারের মধ্যে ২৪ হাজার ৭৩৭ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২ হাজার ৭৮৮টি ভোট বাতিল হয়।
রিপোর্টার্স২৪/এসএন