ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় গরু চুরির চেষ্টা করে স্থানীয়দের ধাওয়া খেয়ে ট্রাক ফেলে পালিয়েছে চোরের দল। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ফেলে যাওয়া ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সাড়ুকদিয়া গ্রামের বাসিন্দা রণ গোপালের (৫৫) গোয়ালঘরে ঢুকে অজ্ঞাত কয়েকজন চোর গরু চুরির চেষ্টা করে। এ সময় গৃহকর্তা টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে চোরেরা গরু ফেলে দ্রুত পালিয়ে যায়।
পালানোর সময় তারা চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক ঘটনাস্থলে রেখে যায়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১৪-০৪১৯ বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে জড়ো হওয়া শতাধিক ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে অল্প সময়ের মধ্যেই সেটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়েছে। এতে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। তারা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে এবং এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব