রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির প্রভাব এবার দেশের বাজারেও স্পষ্ট। টানা দুই দফা কমার পর আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার প্রতি ভরি স্বর্ণে বেড়েছে ৩ হাজার ২৬৬ টাকা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। সকাল ১০টা ১৫ মিনিট থেকে এ দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। প্রতি ভরি রুপায় ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা। একই সময় থেকে নতুন এ দর কার্যকর হয়েছে।
বিশ্ববাজারের অস্থিরতার প্রভাব সরাসরি দেশের বাজারে পড়ায় ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম