বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম-কে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, সেক্রেটারি জেনারেল মাওলানা মকসুদ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোরেলগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, দৈব ঘাঁটি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বল বলইবুনীয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মনজুরুল আলমসহ জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নেওয়া হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আলীম বলেন, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও বিশৃঙ্খলাকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আজ থেকে এসব অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। এরা কোনো দলের নয়, এরা সমাজ ও দেশের শত্রু। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।
তিনি প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মোরেলগঞ্জ উপজেলাকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংসদ সদস্যের ঘোষণাকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রিপোর্টার্স২৪/ঝুম