আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী কারখানায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন।
খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিয়েহুবভ জানান, সেরেদনিয়ি বুরলিক গ্রামে সরিয়ে নেওয়ার (ইভাকুয়েশন) সময় রুশ হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় খারকিভ শহরসহ অন্তত ১০টি জনবসতিতে হামলার ঘটনা ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, গত এক দিনে মোট ১৭৫টি ‘কমব্যাট ক্ল্যাশ’ বা সরাসরি সংঘর্ষ রেকর্ড করা হয়েছে। দক্ষিণ-স্লোবোঝানস্কি দিক দিয়ে স্টারিৎসা, লাইমান, ভভচানস্কি খুতোরি ও ক্রুগলে এলাকায় ইউক্রেনীয় বাহিনীর অবস্থানে চার দফা আক্রমণ চালানো হয়েছে।
এদিকে সুমি অঞ্চলেও রুশ বিমান হামলায় তিনজন আহত হয়েছেন। সুমি ওব্লাস্টের জাতীয় পুলিশ জানিয়েছে, একটি আবাসিক এলাকায় হামলায় দুটি বাড়ি ধ্বংস এবং অন্তত ১০টি বাড়ি ও একটি গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে পাঁচ ও ১৭ বছর বয়সী দুই শিশু এবং ৭০ বছর বয়সী এক নারী রয়েছেন। ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, রাশিয়ার উদমুর্ত প্রজাতন্ত্রে একটি শিল্প স্থাপনায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্যমন্ত্রী সের্গেই বাগিন। উদমুর্ত প্রজাতন্ত্রের প্রধান আলেকজান্ডার ব্রেচালভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, প্রজাতন্ত্রের একটি স্থাপনায় ড্রোন আঘাত হেনেছে এবং এতে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে।
রুশ টেলিগ্রাম চ্যানেল ASTRA–র বিশ্লেষণ অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল উদমুর্তিয়ার ভোটকিনস্কে অবস্থিত Votkinsk Machine Building Plant। এই রাষ্ট্রায়ত্ত কারখানায় ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতাসম্পন্ন আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি হয়। ইউক্রেনের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ওই কারখানায় হামলার কথা নিশ্চিত করে জানিয়েছে, স্থাপনাটির ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া সামারা অঞ্চলের একটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ কারখানায়ও হামলার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা TASS জানিয়েছে, তাতারস্তানের আলমেতিয়েভস্ক এলাকায় উৎপাদন স্থাপনায় ইউক্রেনীয় ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করেছে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে RIA Novosti জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কারপিভকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে।
চলমান যুদ্ধে দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে, ফলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি