স্টাফ রিপোর্টার: বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের ভোক্তা পর্যায়ের মূল্য কমানো হয়েছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭০ টাকা ১০ পয়সা, যা রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে। এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েল ৮৬ টাকায় বিক্রি হচ্ছিল। ফলে প্রতি লিটারে দাম কমছে প্রায় ১৫ টাকা ৯০ পয়সা।
রোববার (২২ফেব্রুয়ারি)এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশন জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহকৃত ফার্নেস অয়েলের মূল্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪ (৪) ও ৩৪ (৬) অনুযায়ী পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব বিপিসি ২০২৪ সালের ২০ জানুয়ারি কমিশনে জমা দেয়। পরে তেল বিপণনকারী চার প্রতিষ্ঠান—মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড বিপণন চার্জ ও সমন্বিত পরিবহন চার্জ বৃদ্ধির প্রস্তাব দেয়।
এসব প্রস্তাবের ওপর চলতি বছরের ২৯ জানুয়ারি গণশুনানি অনুষ্ঠিত হয় এবং ৩ ফেব্রুয়ারি পর্যন্ত লিখিত মতামত গ্রহণ করা হয়। কমিশন জানায়, সব প্রস্তাব ও মতামত পর্যালোচনা করে আইনের আওতায় এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিপণন চার্জ প্রতি লিটার ৭২ পয়সা এবং সমন্বিত পরিবহন চার্জ প্রতি লিটার ১ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত মূল্য সারা দেশে একযোগে কার্যকর হবে।সংশ্লিষ্টরা মনে করছেন, ফার্নেস অয়েলের দাম কমায় বিদ্যুৎ উৎপাদন ব্যয় হ্রাস পাবে।
রিপোর্টার্স২৪/এসসি