আন্তর্জাতিক ডেস্ক: তেহরানে ভারতীয় দূতাবাস ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশত্যাগের পরামর্শ দিয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানে থাকা শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যে কোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দেশ ছাড়তে হবে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ভারতীয় নাগরিককে তাদের ভ্রমণ ও ইমিগ্রেশন সংক্রান্ত নথি,পাসপোর্ট ও পরিচয়পত্র,হাতের কাছে রাখতে হবে এবং প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে ভারতীয় দূতাবাস পৃথকভাবে ভ্রমণ সতর্কতা জারি করেছিল। ৫ জানুয়ারি জারি করা এক পরামর্শে অপ্রয়োজনীয় ইরান ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়, কারণ দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সম্প্রতি ইরানে নতুন করে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশেষ করে Sharif University of Technology এলাকায় সংঘর্ষের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু হওয়ার আগে অঞ্চলে উত্তেজনা বেড়েছে। ইরান জানিয়েছে, কোনো হামলা হলে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থে পাল্টা আঘাত হানবে।
সর্বশেষ সতর্কবার্তায় ভারতীয় দূতাবাস ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের (PIO) সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিক্ষোভ বা সমাবেশস্থল এড়িয়ে চলা, স্থানীয় সংবাদমাধ্যম পর্যবেক্ষণ করা এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। -দ্য হিন্দু
রিপোর্টার্স২৪/এসসি