খুলনা প্রতিনিধি: খুলনার নিউমার্কেট সংলগ্ন বাইতুন নূর শপিং সেন্টারে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাত একটি মোবাইল ফোনের দোকান থেকে হয় এবং দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকায় থাকা মানুষরা ফায়ার সার্ভিসে খবর দিলে ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস খুলনার উপ-পরিচালক আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০ থেকে ১২টি মোবাইল ফোনের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে আরও সময় লাগবে। তিনি বলেন, দোকানগুলো প্রায় ২০-২৫ বছরের পুরানো। পুরনো বৈদ্যুতিক লাইনের কারণে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
ফায়ার সার্ভিসের দ্রুততার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পুনরায় ব্যবসা শুরু করার জন্য দ্রুত সহায়তা কামনা করছেন।
রিপোর্টার্স২৪/বাবি