শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী বাজারের যানজট নিরসন, ফুটপাত দখল এবং ভাসমান দোকান তুলে দেওয়ার জন্য আজ সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত ও মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
এ সময় দােকানিদের দোকানের সামনে ঝুলানো মালামাল এবং দোকানের সামনে সাজানো মালামালের পসরা অপসারণ করার চেষ্টা করে প্রশাসন।
এমনকি রাস্তার পাশে বসা ভাসমান দোকানীর মালপত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক গণ অপসারণের চেষ্টা করলে ব্যবসায়ীদের সাথে বাকবিতন্ডা বাঁধে প্রশাসনের। এক পর্যায়ে বাজারের ব্যবসায়ীরা প্রতিবাদ শুরু করে। এ সময় দ্রুত স্থান ত্যাগ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও সঙ্গে থাকা আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক সদস্যরা।
ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, ঈদকে সামনে রেখে তারা তাদের দোকানের সামনে এবং উপরে মালপত্র ঝুলিয়ে পসরা সাজায়। প্রতিবছরই তারা এরকমভাবে বেচাকেনা করে থাকে। এতে কারও কোনো অসুবিধা হয়না। এবার এসিল্যান্ট মোবাইল কোর্ট দিয়ে তাদের সাথে এমন পরিবেশ সৃষ্টি করায় তারা প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন জানান, যানজট নিরসনে এবং ফুটপাতের দখল এবং ভাসমান দোকান তুলে দেওয়ার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করে এসিল্যান্ট। এ সময় বাধার সম্মুখীন হলে তারা চলে আসেন।
রিপোর্টার্স২৪/মিতু