লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ অন্তত ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাবির নামাজ চলাকালে বাজারের ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে হঠাৎ আগুন জ্বলে ওঠে। দোকানটিতে গ্যাস সিলিন্ডার, অকটেন ও ডিজেলসহ দাহ্য পদার্থ মজুত ছিল। অভিযোগ রয়েছে, সেখানে গ্যাসের চুলা মেরামতের সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে যায়।
খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার রনজিত কুমার সাহা জানান, দূরত্ব বেশি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। আগুনে অন্তত ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট হিসাব নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকা।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে হতাহতের কোনো খবর না থাকলেও আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, তাদের অধিকাংশ পণ্য ও নগদ অর্থ আগুনে পুড়ে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রিপোর্টার্স২৪/বাবি