শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নশাসন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমীন রতনের ওপর হামলার অভিযোগে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান সিকদারকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান সিকদারকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এছাড়া বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না বলেও জানানো হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন