স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শপথ ভঙ্গের অভিযোগ করেছে জামায়াত ।
বুধবার(২৫ ফেব্রুয়ারি) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়গুলো জনসমক্ষে উন্মুক্ত করে শপথ ভঙ্গ করেছেন।
রাষ্ট্রপতি ওই সাক্ষাতকারে অভিযোগ করেন, তাঁকে অন্তর্বর্তী সরকার অসাংবিধানিক উপায়ে সরানোর চেষ্টা করেছে এবং নানা মাধ্যমে অপদস্ত করা হয়েছে। সেই সময়ে বিএনপি তাঁকে সমর্থন দিয়েছিল।
জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি। এই পদে থাকা ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি রাষ্ট্রের গোপন বিষয়ে আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রপতির বক্তব্য জাতির সামনে নতুন বিতর্ক ও অনিশ্চয়তার সৃষ্টি করেছে। সংবিধান, রাষ্ট্রীয় শপথ ও সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে তিনি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন। রাষ্ট্রপতি পদে থেকে এমন বক্তব্য রাষ্ট্রের ভাবমর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাংবিধানিক শালীনতা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বক্তব্য প্রদান করতে হবে এবং দেশের মর্যাদা ও স্থিতিশীলতা রক্ষায় আরও সতর্ক থাকতে হবে।
রিপোর্টার্স২৪/এসসি