ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে পৃথক নিরাপত্তা অভিযানে মোট ৩৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর দেশটির প্রভাবশালী দৈনিক ডনের।
বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিনে নিরাপত্তা বাহিনী ভারত-সমর্থিত প্রক্সি গোষ্ঠী হিসেবে উল্লেখিত ‘ফিতনা আল খারিজ’ ও ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর বিরুদ্ধে গোয়েন্দাভিত্তিক একাধিক অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ‘ফিতনা আল খারিজ’ বলতে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)-কে বোঝানো হয়েছে। আর ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে বেলুচিস্তানে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোর কথা উল্লেখ করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, ২৪ ফেব্রুয়ারি খাইবার পাখতুনখাওয়ায় চারটি পৃথক সংঘর্ষে ‘ফিতনা আল খারিজ’-এর ২৬ জন সদস্য নিহত হন।
এর মধ্যে নর্থ ওয়াজিরিস্তানে পাকিস্তান-আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা একদল সন্ত্রাসীর গতিবিধি শনাক্ত করে নিরাপত্তা বাহিনী। পরে সেনাদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন। নিহত ওই ‘খারিজি’ একজন আফগান নাগরিক বলে শনাক্ত হয়েছে।
এছাড়া লাক্কি মারওয়াত জেলায় গোয়েন্দাভিত্তিক পৃথক অভিযানে তীব্র গোলাগুলির পর আরও তিনজন জঙ্গি নিহত হন বলে জানায় সামরিক কর্তৃপক্ষ।
বান্নু জেলার নারমি খেল এলাকায় অভিযানে ১০ জন এবং নর্থ ওয়াজিরিস্তানের মির আলিতে আরও ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।
একই সময়ে বেলুচিস্তানের সামবাজা এলাকায় পরিচালিত আরেক অভিযানে ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর আটজন সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়।
এক বিবৃতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিরাপত্তা বাহিনীর সফল অভিযানের প্রশংসা করেন। তিনি বলেন, সন্ত্রাসীদের হত্যা ও বিপুল অস্ত্র উদ্ধার বাহিনীর পেশাদারিত্বের প্রতিফলন।
এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পৃথক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি সন্ত্রাসবিরোধী অভিযানে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান আরও জোরদার করেছে বলে জানানো হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম