রিপোর্টার্স২৪ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। ঘটনায় আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধলাপাড়া ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন খুকু (৭০) সাগরদিঘী বাজারের উদ্দেশ্যে যাত্রীসহ অটোরিকশায় যাচ্ছিলেন। পথে আমতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু ঘটে। আহত চালক মোয়াজ্জেম হোসেন খুকুকে দ্রুত সাগরদিঘী ট্রমা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঘটনাস্থলে পুলিশের তৎপরতা এবং দুর্ঘটনার কারণ তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম