ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে কাপড়চোপড় শুকানোর দড়ি টানানোকে কেন্দ্র করে জুয়েল আহমেদ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ মোল্লা বাড়ি সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই সোহেল আহমেদ গুরুতর আহতাবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ওই এলাকার স্থানীয় বাসিন্দা মৃত মনির উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ মোল্লা বাড়ি সড়কের ভাঙারি মালের ব্যবসায়ী বিহারি (নন-বেঙ্গলি) মো. সরফরাজের পরিবারের সঙ্গে একই এলাকার নিহত যুবক জুয়েল আহমেদের পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সকালে সরফরাজের পরিবারের সদস্যরা জুয়েলের বাড়ির প্রবেশপথে দড়ি টানানোর সময় গালিগালাজ ও উশৃঙ্খলতা করতে থাকে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সরফরাজের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালিয়ে জুয়েল আহমেদ ও তার ছোট ভাই প্রবাসী সোহেল আহমেদকে বেধড়ক পিটিয়ে জখম করে।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে জুয়েল আহমেদকে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার এসআই মো. আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে হামলাকারী সরফরাজ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন