স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও নির্মমভাবে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এক বিবৃতিতে তিনি বলেন, এই নৃশংস ঘটনা মানবতা, নৈতিকতা ও আইনের শাসনের ওপর চরম আঘাত। তিনি নিহত কিশোরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জুবায়ের উল্লেখ করেন, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীরা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধে কোনো রাজনৈতিক প্রভাব বা সামাজিক চাপ গ্রহণযোগ্য নয়।
তিনি সরকারের প্রতি আহ্বান জানান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং নরসিংদীর এই মামলা দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
রিপোর্টার্স২৪/এসসি