ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন— এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও কনস্টেবল সেলিম। তাদের মধ্যে দু’জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
নেতাকর্মীরা জানান, শুক্রবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খানের পরাজয়ের কারণ নিয়ে মহারাজপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভা চলছিল। এ সময় সভায় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে জামায়াতের পক্ষে ভোট করার অভিযোগ তোলেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
একপর্যায়ে উভয় পক্ষ থানার ভেতরে ঢুকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, বিএনপির সমন্বয় সভা চলাকালে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা থানায় ঢুকে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন