নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরম দারিদ্র্যের মধ্যে তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করা বিধবা আয়েশা বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তার হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
আয়েশা বেগম সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মৃত আমির হোসেন লেদুর স্ত্রী। প্রায় দুই বছর আগে দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর থেকে তিন সন্তান—মো. সজিব, মো. সৌরভ ও মো. সবুজকে নিয়ে চরম অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে তাদের জীবনে নেমে আসে দুর্ভোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, অর্থাভাবে অনেক সময় না খেয়ে কিংবা পচা ভাত খেয়েই সেহরি ও ইফতার করতে হচ্ছে পরিবারটিকে। বিদ্যুৎবিহীন জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস করছেন তারা। দুই সন্তান অসুস্থ হলেও চিকিৎসার সামর্থ্য নেই বলে জানান আয়েশা বেগম।
নিহত আমির হোসেন পেশায় পিকআপ চালক ছিলেন। অন্যের গাড়ি ভাড়া নিয়ে সবজি পরিবহন করতেন। পরবর্তীতে জীবিকার তাগিদে গাছ টানার কাজে যুক্ত হন। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর গাছ উত্তোলনের সময় একটি বড় গাছ তার ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মৃত্যুর পর পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়ে।
আয়েশা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন কাটছে। অনেক সময় খাবার জোটে না। ইউএনও স্যারের দেওয়া খাদ্যসামগ্রী কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মো. সিরাজ উদ্দিন জানান, আমির হোসেনের দাফনের খরচ এলাকাবাসী বহন করেছিলেন। এখন তার পরিবারকে টেকসই সহায়তা দেওয়া প্রয়োজন বলে তিনি মত দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, পরিবারের দুরবস্থার কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে চাল, ডাল, ছোলা, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং দুটি কম্বল দেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকারি সহায়তা কর্মসূচির আওতায় এনে পরিবারটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি