স্টাফ রিপোর্টার: দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’এই অঙ্গীকারকে সামনে রেখে আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনটি উপলক্ষে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি।
জুলাই গণ–অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সরব ছিল দলটি।
সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় জোটে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক অঙ্গনে আলোচিত নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশের এক বছরের মাথায় প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, দিনটি উপলক্ষে গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, আজ বিকেল চারটা থেকে ধানমন্ডির আবাহনী মাঠে ইফতার মাহফিল শুরু হবে। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও আন্দোলনের সহযোদ্ধারা অংশ নেবেন। আয়োজনস্থলে থাকবে চিত্রপ্রদর্শনী, দলের এক বছরের রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিক উপস্থাপনা ‘স্ট্রিট ওয়াল’ এবং একটি ফটো বুথ।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় পর্যায়েও ইফতার মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী ও ১১ মার্চ রংপুরে আয়োজন করা হবে। এর আগে ৩ মার্চ কুমিল্লায় অনুষ্ঠিত হবে আরেকটি ইফতার মাহফিল। এসব আয়োজনে দলীয় নেতাকর্মী, শহীদ পরিবার ও বিশিষ্টজনদের অংশগ্রহণের কথা জানিয়েছে এনসিপি।
রিপোর্টার্স২৪/ঝুম