আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর “বৃহৎ সামরিক অভিযান” শুরু করেছে, তবে এ নিয়ে কিছু মার্কিন সেনার প্রাণহানির সম্ভাবনা আছে। তিনি সতর্ক করেছেন যে, এই অভিযান চলাকালীন ঝুঁকি থাকা সত্ত্বেও এটি একটি “নিষ্ঠুর কিন্তু মহৎ উদ্দেশ্যের” মিশন।
ট্রাম্প বলেন, আমার প্রশাসন আঞ্চলিক মার্কিন কর্মীদের ঝুঁকি কমানোর জন্য সব ব্যবস্থা গ্রহণ করেছে। তবুও, ইরানি শাসকগোষ্ঠী প্রাণ নেয়ার চেষ্টা করছে। সাহসী মার্কিন নায়কদের জীবন হারাতে পারে, কিন্তু আমরা এটি ভবিষ্যতের জন্য করছি।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, এই অভিযানের নাম অপারেশন এপিক ফিউরি। গত বছর ট্রাম্পের ফেরত আসার পর এটি ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বড় হামলা। প্রথম হামলা জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেছিল। তবে এই অভিযান কয়েকদিন ধরে চালানো হবে বলে জানানো হয়েছে।
ইরান ইতোমধ্যে প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। ইরানি প্রতিক্রিয়ায় তেহরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা ইসরায়েলি সামরিক সূত্র নিশ্চিত করেছে। ট্রাম্পের বার্তায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদস্যদের অস্ত্র গুলো ত্যাগ করতে বলা হয়েছে এবং সাপেক্ষে ক্ষমা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, অন্যথায় “নিশ্চিত মৃত্যু” এড়ানো যাবে না।
ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক প্রোগ্রাম নিয়ে সাম্প্রতিক আলোচনায় কোনো সমাধান হয়নি। ইরান প্রতিটি সুযোগ প্রত্যাখ্যান করেছে এবং আমরা আর সহ্য করতে পারি না।
এছাড়া, ট্রাম্প ইরানিদের উদ্দেশে বলেছেন, বোমা প্রতিটি স্থানে পড়তে পারে, তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। যখন অভিযান শেষ হবে, তখন সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পাবেন ,এটি সম্ভবত প্রজন্মের একমাত্র সুযোগ।
রিপোর্টার্স২৪/এসসি