স্টাফ রিপোর্টার: রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে হওয়া কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দলের শীর্ষ নেতা, কর্মী ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে তিনি মুসাফাহ করার চেষ্টা করেছেন।
তিনি লিখেছেন, জামায়াতে ইসলামীর আমিরের কাছে দোয়া চাইলে তিনি “দোয়া ও দাওয়াহ” দুটোই থাকবে বলে মন্তব্য করেন।
পোস্টে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে কথা বলে তিনি বলেন, “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়, এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল।” জবাবে প্রধানমন্ত্রী জানান, কর্মসূচিটি শুরু হয়েছে এবং শিগগিরই সারা দেশে চালু হবে।
এছাড়া বিএনপি নেতা মঈন খান-এর সঙ্গে কুশল বিনিময় এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ-এর কাছে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করার কথাও উল্লেখ করেন পাটওয়ারী।
বিএনপি নেতা মির্জা আব্বাস-কে উদ্দেশ করে তিনি লেখেন, ছোট ভাইয়ের সঙ্গে এগুলো না করলেও পারতেন। ইফতার শেষে বিদায় নেওয়ার সময় আব্বাস তাকে “দুষ্টুমি না করতে” বলেন। জবাবে পাটওয়ারী মন্তব্য করেন, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।
রিপোর্টার্স২৪/এসসি