মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে দুই প্রান্তে একাধিক ফেরি মাঝনদী ও ঘাটে নোঙর করে আছে এবং যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক ভোগান্তি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, ঘন কুয়াশায় নৌপথে দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দৃষ্টিসীমা স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।
পাটুরিয়া প্রান্তে ঘাট নম্বর ৩–এ ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ এবং ঘাট নম্বর ৫–এ ‘বিএস ডা. গোলাম মাওলা’ ও ‘বনলতা’ নামের ফেরিগুলো নোঙর করে আছে। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তে ঘাট নম্বর ৩–এ ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ ও ‘ঢাকা’, ঘাট নম্বর ৪–এ ‘বাইগার’, এবং ঘাট নম্বর ৭–এ ‘কেরামত আলী’, ‘শাহ মখদুম’ ও ‘হাসনাহেনা’ ফেরিগুলো অপেক্ষমাণ রয়েছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিশেষ করে মাছ, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চালক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কুয়াশা কেটে গিয়ে দৃষ্টিসীমা নিরাপদ পর্যায়ে এলে পর্যায়ক্রমে ফেরি চলাচল শুরু করা হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি করছে।