রিপোর্টার্স২৪ ডেস্ক: উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
হিজবুল্লাহর দাবি, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই তারা এই অভিযান পরিচালনা করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) জানিয়েছে, মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন সামরিক স্থাপনায় তারা হামলা চালিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের পাল্টাপাল্টি হামলার দাবি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
সূত্র: আলজাজিরা
রিপোর্টার্স২৪/আরকে