রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য স্বস্তির ঘোষণা দিয়েছে কাতার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি অবনতি হলে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যেসব ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে এক মাসের জন্য বাড়ানো হবে। সিদ্ধান্তটি কার্যকর হয়েছে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ২০২৬ থেকে।
ভিসা নবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে। এজন্য কোনো ফি দিতে হবে না এবং সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হওয়া বা নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব প্রবেশ ভিসায় ওভারস্টে হয়েছে, সেসব ক্ষেত্রে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধের পর সংশ্লিষ্ট ব্যক্তিরাও উল্লেখিত তারিখ থেকে ভিসা মেয়াদ বৃদ্ধি ও ফি মওকুফের সুবিধা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাসিন্দা ও দর্শনার্থীদের আইনগত অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/আরকে