আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ওপর নজরদারি চালাতে তেহরানের ট্রাফিক ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্ক হ্যাক করেছিল ইসরায়েল— এমন দাবি করেছে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস। ইসরায়েলের বর্তমান ও সাবেক একাধিক গোয়েন্দা কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরার ফুটেজ নজরদারিতে রাখা হয়েছিল।
দুটি সূত্রের দাবি, কয়েক বছর ধরে ট্রাফিক ক্যামেরার ভিডিও গোপনে ইসরায়েলের তেল আবিবে থাকা সার্ভারে পাঠানো হতো। এর মাধ্যমে খামেনেইয়ের চলাফেরা, নিরাপত্তা বলয়ের গতিবিধি এবং রুটিন কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। বিশেষ করে তেহরানের পাস্তুর স্ট্রিটে তাঁর কার্যালয়ের নিকটবর্তী একটি ক্যামেরা ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোনালাপ সম্পর্কে তথ্য পেতে মোবাইল নেটওয়ার্কেও অনুপ্রবেশ করা হয়েছিল বলে দাবি করা হয়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল বা ইরান।
গত শনিবার ইরানে ইসরায়েলের হামলার পর দেশটিতে উত্তেজনা চরমে ওঠে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথ হামলায় খামেনেই নিহত হয়েছেন বলে দাবি করেন। পরে তেহরানও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
রিপোর্টার্স২৪/এসসি