চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর এলাকার মতিন মৃধার বাড়ি থেকে আরএফএল কোম্পানির এসআর (বিক্রয় কর্মী) অলক কুমার মোহন্ত (২৭) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে মতলব সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (৪ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, পৌর এলাকার বাইশপুরের মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত তিন মাস যাবৎ ভাড়া থাকতেন অলক কুমার মোহন্ত। মঙ্গলবার সারাদিন তিনি ঘর থেকে বের না হলে বাড়ির মালিকের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পর ভেতর থেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখা যায় অলক বিছানায় শুয়ে আছেন।
পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। অলক কুমার মোহন্ত রাজশাহীর নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার অমল মোহন্তের ছেলে।
বাড়ির মালিক মতিন মৃধা বলেন, মঙ্গলবার সারাদিন তার রুমের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় জানালা খুলে দেখতে পাই তিনি বিছানায় শুয়ে আছেন। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অলকের সহকর্মীরা জানান, ২ মার্চ কাজে এসেছিলেন তিনি। ৩ মার্চ কাজে আসেননি এবং মোবাইলে কল দিলেও ফোন রিসিভ করেননি।
মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন