চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মার্কেটে ঈদ পোশাকে দ্বিগুণ লাভসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা শহরের হাকিম প্লাজা, সরদার প্লাজা ও কোর্ট স্টেশন এলাকায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় আরিশা স্টোরের মালিককে ৫ হাজার টাকা, একই অপরাধে অরবিন্দ মার্টের মালিককে ৫ হাজার টাকা, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় নিউ কটন ক্লাবের মালিককে ৩ হাজার টাকা এবং পণ্যে ক্রয়ের রশিদ না থাকায় ও অধিক মুনাফা করায় এবি কালেকশনের মালিককে ৩ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আগামী তিন দিনের মধ্যে অধিক মুনাফাকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের পণ্যের মূল্য সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য লিফলেট ও প্যামফলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, সদর স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
রিপোর্টার্স২৪/এসএন