আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার (৪ মার্চ) দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এ সতর্কবার্তা দেন।
ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, শেকারচি সতর্ক করে বলেছেন—যদি বৈরুতে ইরানি দূতাবাসে হামলা চালানো হয়, তবে বিশ্বের সব ইসরায়েলি দূতাবাসকে লক্ষ্যবস্তু বানানো হবে।
তিনি ইসরায়েলকে ‘অপরাধী রাষ্ট্র’ আখ্যা দিয়ে বলেন, দেশটি বারবার আন্তর্জাতিক সীমানা ও কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করেছে। তাঁর দাবি, ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্যাপক সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনা এবং বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করে আসছে।
শেকারচি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি