আন্তর্জাতিক ডেস্ক: শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি, কাতারের প্রধানমন্ত্রী, ইরানের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ইরান কাতার এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর হামলা চালিয়েছে, যা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং বন্ধুসুলভ প্রতিবেশী হিসেবে বড় ধরনের ভুল ও বিশ্বাসঘাতকতার পরিচায়ক।
গত রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ মোহাম্মদ বলেন, কাতার ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে কোনো যুদ্ধে আমরা অংশ নিচ্ছি না। আমরা সবসময় কূটনৈতিকভাবে সংকট সমাধানের চেষ্টা করছি। কিন্তু যুদ্ধ শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যে ইরান হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্ষমাপ্রার্থী হওয়ার কথা বললেও, ইরান কাতারসহ অন্যান্য দেশের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। শেখ মোহাম্মদ মন্তব্য করেন, এটি বড় ধরনের বিশ্বাসঘাতকতা। তবে আমরা কোনো প্রতিশোধমূলক হামলায় যাবো না; বরং ইরানের সঙ্গে সংলাপ এবং কূটনৈতিকভাবে সমাধান খুঁজে বের করতে চাই।
বিশ্লেষকরা বলছেন, ইরান মূলত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে স্থাপিত সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। একই সঙ্গে সৌদি আরব, কুয়েত ও কাতারের সরকারি ভবন ও জ্বালানি অবকাঠামোতেও ইরান কয়েক দফা হামলা করেছে।
কাতারের দোহা শহরের কাছাকাছি মরুভূমিতে অবস্থিত ২৪ হেক্টরের আল-উদেইদ বিমানঘাঁটি–তে মার্কিন সেনাবাহিনী স্থাপিত রয়েছে। এখান থেকে মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়, যেখানে প্রায় ১০ হাজার সৈন্য দায়িত্বে রয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি