স্টাফ রিপোর্টার: জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার সাংবিধানিক অধিকার নেই। তবে বিএনপি কেন এ উদ্যোগ নিয়েছে তা তার কাছে বোধগম্য নয়।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তাহের বলেন, অধিবেশনে এ রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। কিন্তু বিএনপি কী কারণে এ কাজটি করছে, তা আমাদের কাছে পরিষ্কার নয়।
সংসদের ডেপুটি স্পিকার পদ নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রস্তাব এলে তখন সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের সঙ্গে ১১ দলীয় জোটের নির্বাচিত এমপিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব এবং সাধারণ আলোচনায় কোন বিষয়গুলো তোলা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
রিপোর্টার্স২৪/এসসি