স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, সংসদে সরকারি দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিশ্চিত করতে হবে এবং পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।
বুধবার (১১ মার্চ) রংপুরের ‘শহীদ আবু সাঈদ’ স্টেডিয়ামে অনুষ্ঠিত এনসিপির রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, আগামী দিন থেকে শুরু হবে সংবিধান সংস্কার পরিষদের যাত্রা। সরকারি দল শপথ নিতে সম্মত হবে বলে আশা করছি। যদি ব্যত্যয় ঘটে, দেশের মানুষ জানে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে জনগণ ‘হ্যাঁ’ রায় দিয়েছে। সেই রায় কার্যকর করা সংসদ সদস্যদের অন্যতম দায়িত্ব। দায়িত্ব পালনের মাধ্যমে আমরা সংসদে যাচ্ছি, দেশের দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত করার জন্য।
এনসিপি আহ্বায়ক যোগ করেন, আন্তর্জাতিকভাবে যুদ্ধ চললেও দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। এই সময় দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্য অপরিহার্য। সরকার একা দেশ পরিচালনা করতে পারবে না।
তিনি উল্লেখ করেন, মা-বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শিশু হত্যা ও নারীদের ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের ব্যবস্থা করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশে স্বৈরতন্ত্রের উদ্ভব হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেবে। বিরোধীদলকেও কথা বলার সুযোগ দিতে হবে। গণভোটের অঙ্গীকার জাতীয় সংসদে বাস্তবায়ন করতে হবে।
এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিকুর রহমান মোজাহিদ সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এছাড়া জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম, কেন্দ্রীয় নেত্রী সাদিয়া ফারজানা দিনা সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি